রেল পরিষেবা মসৃণ রাখার পাশাপাশি এবারের দুর্গোৎসবে ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রী নিরাপত্তায় একগুচ্ছ বিশেষ পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। রেলের পদস্থ আধিকারিক, আরপিএফ ছাড়াও এই উদ্যোগে সামিল করা হয়েছে স্কাউটস অ্যান্ড গাইডস, সেন্ট জন অ্যাম্বুলেন্স এবং অসামরিক প্রতিরক্ষাকেও। উৎসবের দিনগুলিতে প্রতি বছরই কলকাতায় ভিড় করেন লাখো লাখো মানুষ।
চালু করা হয়েছে ‘ওয়ার রুম’ বা বিশেষ কক্ষ। এখান থেকেই সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে। শিয়ালদহ বিভাগে চালু থাকা ২,২০০-এর বেশি সিসিটিভি-র মাধ্যমে এই নজরদারির কাজ চলছে। ১২টি আলাদা ক্লাস্টারের মাধ্যমে স্টেশন এবং গুরুত্বপূর্ণ শাখাগুলিকে নজরদারির আওতায় আনা হয়েছে।
এছাড়া, শিয়ালদহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন নবনির্মিত ‘প্রফুল্ল দ্বার’ পুজোর মুখে খুলে দেওয়া হয়েছে। এর ফলে যাত্রীরা আগের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্য নিয়ে যাতায়াত করতে পারছেন। স্টেশনে ঢোকা ও বেরনোর জন্য আলাদা পথ তৈরি করা হয়েছে।
শিয়ালদহ, বিধাননগর, দমদম, নৈহাটি ও কল্যাণী স্টেশনের প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে স্কাউটস অ্যান্ড গাইডসকে। যাত্রীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করার পাশাপাশি তাঁরা সুশৃঙ্খলভাবে ভিড় সামাল দিয়ে চলেছেন।
জরুরি চিকিৎসা পরিষেবার জন্য তৈরি রাখা হয়েছে সেন্ট জন অ্যাম্বুলেন্সকে।
যাত্রীদের ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম সম্পর্কিত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য বিশেষ তথ্য ডেস্ক খোলা হয়েছে।
ট্রেনের সময়সূচি ও সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জানাতে পারেন ঘোষণার ব্যবস্থা রাখা হয়েছে।
শিয়ালদহ বিভাগে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ইএমইউ ট্রেন পরিষেবা:
যাত্রীদের অতিরিক্ত ভ্রমণের চাহিদা পূরণের জন্য ২৭/২৮ সেপ্টেম্বর থেকে ১/২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত মোট ৩১টি দুর্গাপূজা স্পেশাল ইএমইউ পরিষেবা চালানো হচ্ছে।
ক) শিয়ালদহ মেইন ও নর্থ সেকশন (১৯টি পরিষেবা)
শিয়ালদহ–রানাঘাট–নৈহাটি–শিয়ালদহ: ৬টি পরিষেবা (২১:৪০ ঘন্টা – ০৩:১০ ঘন্টা)
(শিয়ালদহ–রানাঘাট: ২, নৈহাটি–রানাঘাট: ২, শিয়ালদহ–নৈহাটি: ২)
শিয়ালদহ–কল্যাণী–শিয়ালদহ: ৪টি পরিষেবা (২১:১০ ঘন্টা – ০২:৫৫ ঘন্টা)
বনগাঁ–বারাসত–শিয়ালদহ: ৪টি পরিষেবা (২২:২০ ঘন্টা – ০৪:৩০ ঘন্টা)
(শিয়ালদহ–বনগাঁ: ২, শিয়ালদহ–বারাসত: ২)
রানাঘাট–নৈহাটি–কৃষ্ণনগর: ৫টি পরিষেবা (২৩:৪৫ ঘন্টা – ০৪:৫৫ ঘন্টা)
(রানাঘাট–কৃষ্ণনগর: ১, কৃষ্ণনগর–নৈহাটি: ২, কৃষ্ণনগর–কল্যাণী: ১, কল্যাণী–রানাঘাট: ১)
খ) শিয়ালদহ সাউথ সেকশন (১২টি পরিষেবা)
শিয়ালদহ(দক্ষিণ)–বারুইপুর: ৬টি পরিষেবা (২৩:৪০ ঘন্টা – ০৪:৩০ ঘন্টা)
(শিয়ালদহ–বারুইপুর: ২, বালিগঞ্জ–বারুইপুর: ৪)
শিয়ালদহ(দক্ষিণ)–বজবজ: ৬টি পরিষেবা (২৩:৩০ ঘন্টা – ০৩:৪০ ঘন্টা)
(শিয়ালদহ–বজবজ: ২, নিউ আলিপুর–বজবজ: ৪)



