সামাজিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ছানভ ফাউন্ডেশনের (Chhanv Foundation) অ্যাসিড আক্রান্তদের হাতে একটি ‘এক স্টেশন এক পণ্য’ স্টল প্রদান করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
ছানভ ফাউন্ডেশন “Sheroes” নামে একটি অনলাইন স্টোরও পরিচালনা করে থাকে। অ্যাসিড আক্রান্তদের সার্বিক পুনর্বাসনে ২০১৩ সাল থেকে কাজ করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। তাঁদের অনন্যসাধারণ কারুশিল্প প্রতিটি হস্তনির্মিত পণ্যের আত্মবিশ্বাসের বার্তা দেয়। এই স্টল প্রদানের মাধ্যমে শিয়ালদহ ডিভিশন তাঁদের প্রতিভাকে তুলে ধরা এবং ব্যবসা প্রসারের একটি প্ল্যাটফর্ম প্রদান করল।

‘এক স্টেশন এক পণ্য’ প্রকল্পটি ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার লক্ষ্য হল, স্থানীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলকে জোরদার করা। এই প্রকল্পের অধীনে রেলস্টেশনগুলিতে বিশেষ স্টল প্রদান করা হয়, যাতে স্বনির্ভর গোষ্ঠী ও প্রান্তিক কারিগররা তাঁদের নিজেদের তৈরি শিল্পকর্ম বিক্রি করতে পারেন।
নারীর ক্ষমতায়ন ও তাঁদের চেতনাকে সম্মান জানাতে এবারের আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সময় এই ভাবনার কথা জানিয়েছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউসকর। স্টলটির উদ্বোধনে উপস্থিত ছিলেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা, সিনিয়র ডিভিশনাল অফিসারবৃন্দ এবং পূর্ব রেল মহিলা কল্যাণ সংস্থা (শিয়ালদহ)-র সভানেত্রী নিধি সাক্সেনা ও অন্যান্য সদস্যরা।



