সাম্প্রতিক মাসগুলিতে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত পদক্ষেপ হিসেবে, পূর্ব রেলওয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড হাউসকিপিং ম্যানেজমেন্ট (EnHM) বিভাগ একটি বিশাল পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এই অভিযানে কয়েকশ টন পুরনো বর্জ্য অপসারণ করা হয়েছে। শিয়ালদহ ডিভিশন জুড়ে দীর্ঘদিনের “ব্ল্যাক স্পট” বা ময়লার ভাগাড়গুলিতে চালানো এই অভিযানে ২৫,০০০ বর্গফুটেরও বেশি এলাকা থেকে ৪০০ টনেরও বেশি আবর্জনা সাফ করা হয়েছে, যা শহরতলির রেল নেটওয়ার্কের চেহারা বদলে দিয়েছে।
এই অভিযানে সবচেয়ে বেশি তৎপরতা লক্ষ্য করা দেখা গেছে সন্তোষপুর এবং বাঘাযতীন স্টেশনে। এই দুটি স্টেশনের প্রতিটিতে ৪,০০০ বর্গফুট এলাকা থেকে ১০০ টন করে আবর্জনা সরানো হয়েছে। একইভাবে, শিয়ালদহ স্টেশনে ৪,০০০ বর্গফুট এলাকা থেকে ৫০ টন বর্জ্য পরিষ্কার করা হয়েছে। অন্যান্য প্রধান এলাকাগুলির মধ্যে মগরাহাটে ২,০০০ বর্গফুট থেকে ৩৫ টন, পাতিপুকুর ও টালায় ৩০ টন করে, এবং বিধাননগর ও কলকাতা স্টেশনে ২০ টন করে আবর্জনা সরানো হয়েছে। এছাড়া লেক গার্ডেন ও সোদপুরে ১০ টন করে, সোনারপুরে ৬ টন এবং হালিশহর ও আগরপাড়ায় ৫ টন করে আবর্জনা পরিষ্কার করা হয়েছে। নিউ গড়িয়া স্টেশনেও ৮০০ বর্গফুট এলাকা থেকে ৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
পূর্ব রেল মূলত সেইসব জনবহুল এলাকা এবং বাজার সংলগ্ন স্থানগুলির ওপর জোর দিয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবর্জনা ফেলা হচ্ছিল। টালিগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের বুকিং কাউন্টার সংলগ্ন পথটি, যা স্থানীয় বাজারের বর্জ্যে অবরুদ্ধ হয়ে পড়েছিল, তা সম্পূর্ণ স্যানিটাইজ ও পরিষ্কার করা হয়েছে।
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, EnHM বিভাগের এই সক্রিয় পদক্ষেপের লক্ষ্য হলো সাধারণ মানুষ এবং স্থানীয় বিক্রেতাদের রেল চত্বরকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা থেকে বিরত করা।



