আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৫ থেকে শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে দুটি নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) লোকাল ট্রেনের পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রবিবার বাদে সপ্তাহে ছয় দিনই চলবে এই ট্রেন।
নতুন রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল সকাল ০৭:১১ টায় রানাঘাট থেকে ছাড়বে, সকাল ০৭:৫২ টায় বনগাঁ পৌঁছবে এবং সকাল ০৯:৩৭ টায় শিয়ালদহে পৌঁছবে। ফেরার পথে ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ১৮:১৪ টায় ছাড়বে, রাত ২০:০৪ টায় বনগাঁ পৌঁছবে এবং রাত ২০:৪১ টায় রানাঘাটে পৌঁছে যাবে।
এই রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল চালু হল, বিশেষভাবে উপকৃত হবেন বিমানযাত্রীরা।যাত্রীরা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামতে পারবেন। এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব ৫ কিলোমিটারের মধ্যে। তাই শিয়ালদহ পর্যন্ত যাওয়ার ঝক্কি এড়ানো যাবে এবং সময়েরও অনেকটা সাশ্রয় হবে।
এছাড়াও, নতুন শিয়ালদহ–কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ০৯:৪৮ টায় ছাড়বে এবং দুপুর ১২:০৭ টায় কৃষ্ণনগরে পৌঁছবে। ফেরার পথে কৃষ্ণনগর থেকে দুপুর ১৩:৩০ টায় ছেড়ে বিকেল ১৫:৪০ টায় শিয়ালদহে পৌঁছবে।
এই শিয়ালদহ–কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা বিশেষ করে মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করতে আসা ভক্ত ও পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে আশা রেল কর্তৃপক্ষের।
শিয়ালদা-বনগাঁ-রানাঘাট এসি লোকাল ট্রেনের ভাড়ার তালিকা: শিয়ালদা থেকে বিধাননগর, দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট যেতে ৩৫ টাকা লাগবে। মধ্যমগ্রাম এবং বারাসত যেতে খরচ হবে ৬০ টাকা। দত্তপুকুরের ভাড়া আবার ৮৫ টাকা। হাবরা যেতে ৯০ টাকা, গোবরডাঙা যেতে ১০৫ টাকা এবং ঠাকুরনগর যেতে ১০৫ টাকা লাগবে। বনগাঁ এবং মাঝেরগ্রাম পর্যন্ত ভাড়া ১২০ টাকা। রানাঘাট যেতে ১৫০ টাকা লাগবে।



