পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে এবারও দুর্গাপুজো উপলক্ষে একগুচ্ছ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের দিনগুলিতে রাতভর পরিষেবা চালু রাখার পাশাপাশি ভিড়় সামাল দিতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। গত বছরের চেয়ে এবার ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। সেইসঙ্গে সিসি ক্যামেরায় মাধ্যমে বিশেষ নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ অক্টোবর ষষ্ঠী থেকে ২১ অক্টোবর দশমী পর্যন্ত শিয়ালদহ শাখায় মোট ৫১টি বিশেষ ট্রেন চালানো হবে। গত বছর এই সংখ্যা ছিল ৩১। এর মধ্যে ৩৮টি বিশেষ ট্রেন চলবে রাতে। সন্ধ্যার ব্যস্ত সময়ে চলবে ১৩টি বাড়তি ট্রেন। ১০ অক্টোবর মহালয়ার দিন থেকে ১৫ অক্টোবর, পঞ্চমী পর্যন্ত লালগোলা শাখায় প্রাক-পুজো বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুজোর দিনগুলিতে দুপুর ২টোর পর থেকে শহরতলির সব মেমু ট্রেন সব স্টেশনে দাঁড়াবে। লোকাল ট্রেনের পাশাপাশি ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৮০টি বিশেষ দূরপাল্লার ট্রেন চালানো হবে। গত বছর এই বিশেষ দূরপাল্লার ট্রেনের সংখ্যা ছিল ৫০।
স্টেশনগুলিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার ওয়াররুম চালু করা হচ্ছে। সেখান থেকে সিসি ক্যামেরার মাধ্যমে ভিড়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া, প্রধান স্টেশনগুলিতে বাড়তি রেক, মেডিক্যাল বুথ, হেল্প ডেস্ক রাখা হচ্ছে। শিয়ালদহ, দমদম, বালিগঞ্জ স্টেশনে অতিরিক্ত শৌচাগার ব্লকের ব্যবস্থা রাখা হচ্ছে।
১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট-লালগোলা রুটে চারটি স্পেশাল ইএমইউ ট্রেন চালানো হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে দিগনগর হল্ট হয়ে শান্তিপুর ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে দৈনিক ট্রেন পরিষেবা এক জোড়া থেকে বাড়িয়ে দু’জোড়া করা হচ্ছে। সকালের আপ ট্রেনটি শান্তিপুর থেকে ৯টা ৩৪ মিনিটে ছেড়ে ১০টা ৭ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে এবং ফেরার ডাউন ট্রেনটি কৃষ্ণনগর থেকে ১০টা ১৭ মিনিটে ছেড়ে ১০টা ৪৩ মিনিটে শান্তিপুরে পৌঁছবে।
শিয়ালদহ-বজবজ রুটে গভীর রাতে একটি ট্রেন পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে। ডাউন ট্রেনটি শিয়ালদহ থেকে রাত ১০টা ৫৫ মিনিটে ছেড়ে ১১টা ৪৩ মিনিটে বজবজ পৌঁছবে। ফেরার আপ ট্রেনটি বজবজ থেকে ছাড়বে রাত ১১টা ৫৪ মিনিটে এবং রাত ১২টা ৪৮ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। এ ছাড়া, শহরতলির যাত্রীদের জন্য শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন শাখার বদকুল্লা স্টেশনে চারটি এসি ইএমইউ লোকালের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছে। রবিবার ছাড়া প্রতিদিন আপের ট্রেন সকাল ১১টা ৫৩ মিনিটে এবং ডাউনের ট্রেন বেলা ১টা ৪০ মিনিটে বদকুল্লায় থামবে। রবিবার আপের ট্রেন বেলা ২টো নাগাদ এবং ডাউন ট্রেন বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ ওই স্টেশনে থামবে।
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, “পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসবে যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। ২৪ ঘণ্টা ওয়াররুমের মাধ্যমে নজরদারি রাখা হবে এবং উৎসবের দিনগুলিতে আমাদের ফ্রন্টলাইন টিম ২৪ ঘণ্টা সতর্ক ও প্রস্তুত থাকবে।”



