বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ (World Heritage Week 2026) উদযাপন উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে প্রিন্সেপ ঘাট স্টেশনে ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’ (TIME TABLE – A Journey Through Heritage) নামে এক বিশেষ ঐতিহ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর, ২০২৬) পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী পাণ্ডে বলেন, “ভারতীয় রেল কেবল পরিবহনের একটি মাধ্যম নয়; এটি ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় রেলের এই যাত্রাপথ দূরদর্শিতা, উদ্ভাবন, অধ্যবসায় এবং রূপান্তরের এক অনন্য কাহিনী। প্রথম বাষ্পীয় ইঞ্জিন থেকে শুরু করে আজকের আধুনিক, উচ্চগতিসম্পন্ন ও প্রযুক্তিনির্ভর ট্রেন – প্রতিটি মাইলফলক প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের আকাঙ্ক্ষা ও সাফল্যের প্রতিফলন।”
তিনি আরও বলেন, বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে শিয়ালদহ ডিভিশন আয়োজিত এই সুন্দর প্রদর্শনীটি অত্যন্ত প্রশংসনীয়, কারণ এটি ‘বিকাশ ভী, বিরাসত ভী’ (উন্নয়নের পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণ) নীতি অনুসরণ করে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ ও সম্মান জানানোর মূল নির্দেশিকা মেনে চলেছে।”
এই প্রদর্শনী দর্শকদের ভারতীয় রেলের সমৃদ্ধ ও গৌরবময় ঐতিহ্যের এক রোমাঞ্চকর সফরে নিয়ে যাবে। দশকের পর দশক ধরে রেল ব্যবস্থার বিবর্তনের চিত্র তুলে ধরতে বিরল ঐতিহাসিক তথ্য, আকর্ষণীয় কাহিনী এবং দুর্লভ আর্কাইভাল আলোকচিত্র একত্রিত করা হয়েছে। এছাড়া, উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে শিয়ালদহ এবং তৎসংলগ্ন অঞ্চলে রেলপথ বিকাশের ইতিহাসও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।
ভারতীয় রেলের অসাধারণ উত্তরাধিকারের সাথে সাধারণ মানুষকে আবার যুক্ত করা এবং এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য ঐতিহ্য সংরক্ষণ, সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের প্রতি জনসচেতনতা বৃদ্ধি করা এবং সম্মিলিত দায়িত্ববোধ জাগ্রত করাও এর অন্যতম উদ্দেশ্য।
ধন্যবাদ জ্ঞাপন করেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা।



