শিয়ালদহ ডিভিশনজুড়ে পূর্ব রেলের পক্ষ থেকে জোরদার টিকিট অভিযান। বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে আদায় করা হল বিপুল জরিমানা। শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সুনীল কুমার মহালা-র নেতৃত্বে তিনটি গুরুত্বপূর্ণ শহরতলি শাখা —শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-ক্যানিং এবং শিয়ালদহ-বনগাঁয় টিকিট পরীক্ষার পাশাপাশি যাত্রী সচেতনতারও উদ্যোগ নেওয়া হয়।
এই অভিযানে মোট ৬৫৭টি মামলা দায়ের এবং ২,৫৩,২৬৫ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে বৈধ টিকিট ছাড়া যাত্রার জন্য ৩৪৬টি, বুকিং ছাড়া অথবা নির্ধারিত সীমার অতিরিক্ত লাগেজের জন্য ২৯৭টি এবং থুতু ফেলা ও নোংরা করার জন্য ১৪টি মামলা হয়।
এই অভিযান সম্পর্কে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা বলেন, “আমাদের লক্ষ্য শুধুমাত্র নিয়ম প্রয়োগ করা নয়, বরং প্রত্যেক যাত্রীর জন্য নিরাপদ, দায়িত্বশীল এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার একটি সংস্কৃতি গড়ে তোলা। আমরা সকল যাত্রীর কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন সর্বদা বৈধ টিকিট নিয়ে যাত্রা করেন, নির্ধারিত লাগেজ সীমা মেনে চলেন এবং স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করেন। বৈধ টিকিটধারী যাত্রীদের নিরাপদ ও ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে।”



