চলতি মাসেরি শেষে টানা ৫ দিন দেশজুড়ে স্তব্ধ হতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা। টানা ৩ দিন দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ (UFBU)।
আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত দেশজুড়ে এই কর্মবিরতি পালনের ডাক দিয়েছে ইউএফবিইউ। ২৬ (শনিবার) ও ২৭ (রবিবার) তারিখ সাপ্তাহিক ছুটির দিন। অর্থাৎ একটানা ৫ দিন মিলবে ব্যাঙ্কিং পরিষেবা। এর আগে বিভিন্ন দাবিতে ১১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখেও একদিনের কর্মবিরতি পালন করেছিলেন ব্যাঙ্ক কর্মীরা।
সপ্তাহে ৫ দিন কাজের দাবি জানিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। তাদের বক্তব্য, ২০২৪ সালের মজুরি পুনর্বিন্যাস চুক্তিতেই সমস্ত শনিবার ছুটির প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল। বিনিময়ে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতে রাজি হন কর্মীরা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও, সেই প্রস্তাব এখনও পর্যন্ত কার্যকর করা হয়নি। ধর্মঘটের জেরে পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গ্রাহকদের কিছু আগাম পদক্ষেপের পরামর্শ দিয়েছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
গ্রাহকদের জন্য SBI-এর জরুরি পরামর্শ:
- জরুরি কাজ আগেই সারুন: ২৮ সেপ্টেম্বরের আগেই যে সমস্ত কাজ সরাসরি ব্যাঙ্কে গিয়ে করতে হবে (যেমন- চেক ক্লিয়ারেন্স, পাসবুক আপডেট বা ড্রাফট জমা), সেগুলি দ্রুত শেষ করে নিন।
- নগদ টাকার বিকল্প ব্যবস্থা: প্রয়োজনে কেনাকাটা বা খরচের জন্য এটিএম (ATM) ও অটোমেটেড ডিপোজিট কাম উইথড্রয়াল মেশিন (ADWM) ব্যবহার করুন।
- ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহারে জোর: ধর্মঘটের দিনগুলিতে ব্যাঙ্কের মোবাইল অ্যাপ YONO, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং UPI-এর মতো ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহার করুন।
- সিএসপি (CSP)-র সাহায্য: স্থানীয় কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি সেন্টারগুলি থেকেও নিত্যদিনের কিছু ব্যাঙ্কিং সুবিধা পাওয়া যাবে।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মঘটের দিনগুলিতেও যাতে অত্যাবশ্যকীয় ডিজিটাল পরিষেবা চালু রাখা যায়, তার জন্য সবরকম চেষ্টা চালানো হবে।



