রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন দল তাঁদের প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তবে এই মুহূর্তে রাজনৈতিক মহলের নজর তৃণমূলের দিকে। তৃণমূল সূত্রে খবর, প্রার্থী তালিকায় একগুচ্ছ নতুন মুখ যেমন থাকছে, তেমনই বাদ পড়তে চলেছেন বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক।
মন্ত্রীদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। কিছুদিন আগে তাঁর কাছ থেকে আইনমন্ত্রীর দফতর কেড়ে নেওয়া হয়েছে। এবার এই প্রবীণ নেতাকে আর টিকিট দেওয়া হবে না বলে জানা গিয়েছে। দলের আরেক প্রবীণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্রেরও এবার বাদ পড়ার সম্ভাবনা প্রবল।
তমলুকের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বাদ পড়তে চলেছেন। কয়েকদিন আগেই তাঁর নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি সাংবাদিক বৈঠক করে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন চারবারের বিধায়ক ও তিনবারের মন্ত্রী সৌমেন।
এতদিন তৃণমূলের প্রার্থীদের বাছাইয়ে সুব্রত বক্সির সঙ্গে শলাপরামর্শ করতেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রার্থীদের নাম চৃড়ান্ত করেছেন মমতা।
নতুন প্রার্থীদের মধ্যে আলোচনায় উঠে আসছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি সম্ভবত যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হবেন। বিধানসভায় দলের প্রার্থী হতে পারেন আরেক সাংসদ সামিরুল ইসলামও। মুখপাত্রদের মধ্যে যাঁরা টিকিট পেতে পারেন বলে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী এবং তন্ময় ঘোষ।
তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সংগঠনের প্রাক্তন সভানেত্রী জয়া দত্তের নামও আলোচনায় উঠে আসছে। সদ্য সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে প্রতীক উর রহমান বলেছিলেন, তিনি ‘পদের লোভে, পদের জন্য তৃণমূলে আসেননি’। সেই প্রতীক উর এবার টিকিট পাচ্ছেন বলে খবর।
নতুন মুখ হিসেবে শোনা যাচ্ছে জলপাইগুড়ির মেয়ে অ্যাথলিট স্বপ্না বর্মনের নামও। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে হেপটাথেলনে সোনাজয়ী স্বপ্না সম্প্রতি রেলের চাকরি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের নাম প্রার্থী তালিকায় রয়েছে বলে সূত্রের খবর। এছাড়া সন্দীপন সাহা, রামমোহন রায়, দেবরাজ চক্রবর্তীদের নামও আলোচনায় উঠে আসছে।
টিকিট পেতে পারেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। তৃণমূলের হাত ধরে ইমনের কণ্ঠে উন্নয়নের পাঁচালি এখন বাংলার দিকে দিকে শোনা যাচ্ছে। অন্যদিকে, গত বছরে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের লড়াইয়ে আচমকাই যাবতীয় বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে পরমব্রত সাফ বলেছিলেন, ফেডারেশনকে তিনি নিজের ‘পরিবার’ বলেই মনে করেন। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর মুখে।
পার্থ চট্টোপাধ্যায়, রুকবানুর রহমান, ফিরোজা বিবি, আশিস বন্দ্যোপাধ্যায়, লাভলী মৈত্রের মনোনয়ন না পাওয়া প্রায় নিশ্চিত। এছাড়া মনোনয়ন পাচ্ছেন না কাঞ্চন মল্লিক, মনোরঞ্জন ব্যাপারী, তপন দাশগুপ্ত, মানস মজুমদার, সন্ধ্যারাণী টুডু, মণিরুল ইসলাম এবং সাবিনা ইয়াসমিনরা। এবার সম্ভবত মনোনয়ন পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল থেকে গত নির্বাচনের আগে বিজেপিতে গিয়ে তৃণমূলে ফিরে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়।



