বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত সমস্যার জট খুলতে উদ্যোগী রাজ্য সরকার ও পূর্ব রেল কর্তৃপক্ষ। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, কলকাতা পুরনিগমের কমিশনার এবং পূর্ব রেলের শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ও চিফ ব্রিজ ইঞ্জিনিয়ার-সহ উভয় পক্ষের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে আজ একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলির স্থায়ী সমাধান নিয়ে কথা হয়।
বৈঠকে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সভাপতিত্ব করেন। অন্যদিকে, রেলের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা।
বৈঠকে আলোচিত অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল শিয়ালদহ দক্ষিণ শাখার মৌলালি-পামার্স ব্রিজের অবস্থা। সম্প্রতি ওই এলাকায় রেললাইনে বসে যাওয়ার ঘটনা ঘটে। রেলের পক্ষ থেকে এর সাময়িকভাবে মোকাবিলা করা হয়েছে। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে রাজ্য সরকার ও রেলের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এবং যৌথ উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, ওই এলাকায় জল জমার সমস্যা এড়াতে নিকাশি ব্যবস্থার উন্নতির বিষয়েও বিশেষ গুরুত্ব সহকারে আলোচনা হয়, যাতে ভবিষ্যতে যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়।
বৈঠকে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল টালা এলাকায় জল চুঁইয়ে পড়ার সমস্যা। এই সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করতে পরিদর্শনের জন্য প্রয়োজনীয় অনুমতি প্রদান করতে রেল কর্তৃপক্ষ সম্মত হয়েছে, যাতে যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।
এছাড়াও, যৌথ হস্তক্ষেপ ও উদ্যোগের মাধ্যমে সমাধানযোগ্য আরও বেশ কয়েকটি পরিকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সমন্বিতভাবে এই সমস্যাগুলির সমাধানে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।
বৈঠকের মূল লক্ষ্য ছিল আগামী বর্ষার আগেই প্রয়োজনীয় স্থায়ী প্রতিকারমূলক ব্যবস্থা সম্পন্ন করা, যাতে পুনরায় জল জমার সমস্যা রোধ করা যায়, পরিকাঠামোগত সমস্যাগুলির সমাধান নিশ্চিত করা যায় এবং রেল চলাচল আরও মসৃণ করার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধা সুনিশ্চিত করা যায়।



