২০২৫-২০২৬ অর্থবর্ষে পূর্ব রেলের অনন্য সাফল্য। পণ্য পরিবহন, যাত্রী পরিষেবা থেকে আর্থিক লাভ – সব ক্ষেত্রেই সাফল্যের স্বাক্ষর রেখেছে ভারতীয় রেলের এই জোন। বিগত এক বছরে পূর্ব রেলে যাতায়াত করেছেন ১৩২ কোটি ২৮ লক্ষ ৪০ হাজার যাত্রী। পণ্য পরিবহন হয়েছে ১০১৭.২০ লক্ষ টন। এছাড়া, স্ক্র্যাপ বিক্রির মাধ্যমে আয় হয়েছে ৬০০.১১ কোটি টাকা, যা ২০২৪-২০২৫ অর্থবর্ষের তুলনায় ১১.৬২% বৃদ্ধি।
নতুন ট্রেন চালুর ক্ষেত্রেও নজির গড়েছে পূর্ব রেল। পূর্ব রেল ২৪টি মেল/এক্সপ্রেস নতুন ট্রেন চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ১৪টি অমৃত ভারত এবং ২টি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এর পাশাপাশি ১০টি প্যাসেঞ্জার এবং ৪৮টি ইএমইউ (EMU) পরিষেবা চালু করা হয়েছে, যার মধ্যে ১০টি আধুনিক এসি ইএমইউ ট্রেন রয়েছে।
পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৩২টি মেল/এক্সপ্রেস পরিষেবার গতি ১১০ কিমি প্রতি ঘণ্টা থেকে বাড়িয়ে ১৩০ কিমি প্রতি ঘণ্টা করা হয়েছে। সেইসঙ্গে ১৬ জোড়া মেল/এক্সপ্রেস ট্রেনের ২২টি রেককে আইসিএফ (ICF) থেকে আরামদায়ক এলএইচবি (LHB) রেকে রূপান্তরিত করা হয়েছে। স্থানীয় মানুষের সুবিধার্থে ১১৪টি মেল/এক্সপ্রেস, ১৩টি প্যাসেঞ্জার এবং ৬৬টি ইএমইউ লোকাল ট্রেনের অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করা হয়েছে।
ভিড় সামাল দিতে ২০টি ট্রেনে ৬১টি কোচ স্থায়ীভাবে বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন পরিষেবায় অস্থায়ীভাবে ২০৫০টি কোচ যুক্ত করা হয়েছে। মরসুমী ভিড় সামাল দিতে ৫০৮০ ট্রিপ টিওডি (TOD) স্পেশাল ট্রেন চালানো হয়েছে করেছে, যার মধ্যে ১৮৯৫টি পূর্ব রেলের এবং ৩১৮৫টি অন্যান্য রেলওয়ের। নিরাপত্তার ক্ষেত্রে ৪২টি লেভেল ক্রসিং গেটে স্লাইডিং বুমের কাজ সম্পন্ন হয়েছে।
এই সাফল্যের কথা উল্লেখ করে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, এইসব প্রাপ্তি কর্মীদের নিষ্ঠা এবং জেনারেল ম্যানেজারের নির্ধারিত কৌশলগত রোডম্যাপের প্রতিফলন, যার লক্ষ্য হল, পূর্ব রেলকে একটি বিশ্বমানের পরিবহন নেটওয়ার্কে পরিণত করা।



