রাজ্যজুড়ে পুরোদমে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপের কাজ।। অফলাইন, অনলাইন দুটি পর্যায়েই চলছে কাজ। তবে কিছু কিছু ক্ষেত্রে সংশয় তৈরি হয়েছে। যেমন, একই পরিবারে মা-মেয়ে, শাশুড়ি-বউমা কিংবা ননদ, সবাই কি একটি অন্নপূর্ণা ফর্মেই আবেদন করতে পারবেন, নাকি আলাদা আলাদা ফর্ম ভর্তি করতে হবে?
এই প্রসঙ্গে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম ভর্তি হবে না। কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা যেমন শাশুড়ি, বউমা, মেয়ে, ননদ সবাই ওই একটা ফর্মে ফিলাপ করলেই হবে। চারটি আলাদা আলাদা ফর্ম দেওয়ার প্রয়োজন নেই।”
১২ পাতার ফর্মে অনেক তথ্য চাওয়া হয়েছে। কারও কাছে সেই তথ্য যদি না থাকে, তাহলে তিনি কী করবেন? অগ্নিমিত্রা বলছেন, “যতটা সম্ভব ফিল-আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল। বাকিটা আমরা দেখে নেব।“
অগ্নিমিত্রা জানান, “১২ পাতার ফর্ম সব ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। কারণ আগামীদিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার।”
৩ জুনের পরিসংখ্যান অনুযায়ী, ওই দিন পর্যন্ত ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে।



