মাঝেরহাট রেলওয়ে স্টেশনের কাছে মধুপট্টির সরু গলিগুলির শিশুরা আজ এক অনন্য মুহূর্তের সাক্ষী রইল। ১৫ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত এক মাস ধরে চলতে থাকা “স্বচ্ছতা সচেতনতা অভিযান”-এর অংশ হিসেবে, সাধারণ পরিচ্ছন্নতা অভিযানকে এক প্রাণবন্ত সামাজিক মিলনমেলায় পরিণত করেছে পূর্ব রেল। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের নেওয়া এই উদ্যোগটি পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের দোরগোড়ায়।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘আওয়ার অ্যাসোসিয়েশন অফ রেমেডি” পরিচালিত মুক্তি স্কুলের পরিবেশ আজ ছিল উৎসবমুখর। সেখানে উপস্থিত হয়েছিলেন পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিং। তিনি শিশুদের হাতে তুলে দেন কেক এবং টুপি। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। তিনি অত্যন্ত শিশুদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং কেন রেললাইনে আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহার করা জরুরি, সে সম্পর্কেও সচেতনতার পাঠ দেন। এই সচেতনতা অভিযানটি ছিল এক সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের ডিজিএম (জি) এবং ইআরবিএসজি-র রাজ্য সচিব শিবরাম মাঝি, শিয়ালদহ ডিভিশনের সিনিয়র ডি ইএনএইচএম (Sr. DEnHM) নিলেশ কুমার ভাল্লভি সহ অন্যান্য পদস্থ রেল আধিকারিক এবং পূর্ব রেলের স্কাউটস ও গাইডস সদস্যরা। শিবরাম মাঝি ব্যক্তিগতভাবে মধুপট্টির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিচ্ছন্নতার পাশাপাশি অগ্নি-নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন।
মধুপট্টির এক বাসিন্দা রেলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, তাঁরা এলাকা পরিচ্ছন্ন রাখবেন এবং অগ্নিকাণ্ড রোধে সদা সতর্ক থাকবেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি বলেন, “আজ আমরা শুধুমাত্র একটি কলোনি পরিষ্কার করিনি; আমরা তরুণ মনে দায়িত্ববোধের বীজ বপন করেছি।”



