পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বিশেষ দলের হাতে বহরমপুর স্টেশনে ধরা পড়ল এক ভুয়ো টিকিট পরীক্ষক। ২৬ এপ্রিল, রবিবার দুপুর প্রায় ২:৫৫ নাগাদ, ট্রেন নম্বর ৩১৭৭৪-এর যাত্রীদের জন্য ফুট ওভার ব্রিজে নিয়মিত টিকিট পরীক্ষা চলার সময় ডিউটিতে থাকা কর্মীরা এক ব্যক্তির সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন। তাকে টিকিট বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলা হলে, তিনি নিজেকে রেলওয়ের টিকিট চেকিং স্টাফ বলে দাবি করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
বহরমপুর কোর্টের কমার্শিয়াল ইন্সপেক্টর তার পরিচয় ও সার্ভিস সংক্রান্ত তথ্য পেশ করতে বললে, ওই ব্যক্তি কিছু ভুয়ো নথিপত্র দেখায়, যেগুলি সঙ্গে সঙ্গে জাল হিসেবে চিহ্নিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে যে, সে রেলের কোনও বৈধ কর্মচারী নয়।
সে আরও জানায় যে, সে একটি বড় চক্রের অংশ। সেখানে কলকাতায় ভুয়ো “প্রশিক্ষণ” দেওয়া হয়। এরপর ওই প্রশিক্ষণের ভিত্তিতে বিভিন্ন স্টেশনে “ট্রেনি টিটিই” হিসেবে নিয়োগ করে যাত্রীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করা হয়।
অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য তাকে সরকারি রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।



