RailOne অ্যাপের আগের প্রচার অভিযানে ব্যাপক সাড়া মেলায় এবার ‘RailOne Mobile’ অ্যাপ্লিকেশনকে আরও জনপ্রিয় করতে এক মাস ধরে সচেতনতা অভিযানে নামল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
আগের অভিযানে ডিজিটাল টিকিট বুকিংয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পায়। যাত্রীরা প্রচলিত কাউন্টার লাইনের পরিবর্তে মোবাইল টিকিটিং ব্যবস্থাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই আরও এক মাস এই প্রচারাভিযান চালিয় কাগজবিহীন ভ্রমণকে আরও সুদৃঢ় করা এবং অধিক সংখ্যক যাত্রীকে ডিজিটাল মাধ্যমে তাদের যাত্রা পরিচালনার জন্য সক্ষম করে তোলাই রেলের লক্ষ্য।
এক মাসের এই ব্যাপী কর্মসূচিতে ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনে বাণিজ্য বিভাগের বিশেষ দল মোতায়েন করা হবে। তাঁরা যাত্রীদের অ্যাপ ব্যবহার, নিবন্ধন প্রক্রিয়া এবং R-Wallet-এর মাধ্যমে সহজ লেনদেনের কাজে সহায়তা করবেন।
নতুন এই উদ্যোগ বুকিং কাউন্টারে ভিড় কমাতে সহায়তা করবে এবং প্রতিদিন ডিভিশনের মাধ্যমে যাতায়াতকারী লক্ষ লক্ষ যাত্রীর জন্য দ্রুত, সহজ ও পরিবেশবান্ধব ভ্রমণ অভিজ্ঞতা সুনিশ্চিত করবে।



