স্টেশনগুলির পরিচ্ছন্নতা উন্নয়নের লক্ষ্যে ভারতীয় রেলের ১৭৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও জনসংযোগ কর্মসূচি আয়োজন করা হয়। শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন বিপুল সংখ্যক শহরতলীর যাত্রী যাতায়াত করে থাকেন। তাই শহরতলীর যাত্রীদের কথা মাথায় রেখে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এই কর্মসূচির সূচনা হয় বালিগঞ্জ স্টেশনে। সেখানে “স্বচ্ছতা অভিযান”-এ অংশ নেন রেল আধিকারিক ও কর্মীরা। প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে তাঁরা ব্যাপক পরিচ্ছন্নতার অভিযানে সামিল হন। এই কর্মসূচির লক্ষ্য হল, ডিভিশন জুড়ে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের মান বজায় রাখা।
এই উদ্যোগের অংশ হিসেবে বালিগঞ্জ স্টেশনে বিক্রেতাদের জন্য একটি বিশেষ সচেতনতা কর্মসূচিতে রেলের আধিকারিকরা বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বের ওপর জোর দেন এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য বিক্রেতাদের কাছে তাঁরা অনুরোধ জানান।
একই সময়ে শিয়ালদহ স্টেশনেও শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা ব্যক্তিগতভাবে যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বিশ্বমানের সুবিধা বজায় রাখতে “জন ভাগীদারি” (জনসাধারণের অংশগ্রহণ) অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে সহায়তা করে।



