সোমবার সকাল ৯:১৫ নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে অবস্থিত একটি রেল কোচ রেস্তোরাঁয় আগুন লাগে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে দেওয়া হয়। দমকল বাহিনী ৯:২৪ নাগাদ ঘটনাস্থলে পৌঁছে সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে এবং ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ১০:৪৫ নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
রেস্তোরাঁটি মূল স্টেশন ভবনের বাইরে থাকায় অগ্নিকাণ্ডে যাত্রী চলাচল বা ট্রেন পরিষেবায় কোনওরকম ব্যাঘাত ঘটেনি। শিয়ালদহে স্টেশন ভবনের জন্য স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। তবে রেস্তোরাঁর অংশটি এই স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা রেস্তোরাঁ এলাকাকে আওতাভুক্ত নয়, কারণ ওই এলাকার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার দায়িত্ব রয়েছে সংশ্লিষ্ট লাইসেন্সধারীর।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, “ফ্রাইং প্যান”-এ থাকা রান্নার তেল অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে, সম্ভবত উচ্চ তাপমাত্রা সেটিংয়ের ফলে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পরবর্তীতে আগুনের শিখা ছাদের দিকে উঠে যায় এবং ডাক্ট ও ছাদের ইনসুলেশন সামগ্রীতে আগুন ধরে যায়। রেস্তোরাঁটি একটি আবদ্ধ স্থান হওয়ায় ভিতরে প্রচুর ধোঁয়াও জমে যায়।
ঘটনার তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত লাইসেন্স অবিলম্বে স্থগিত করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। লাইসেন্সধারীর কোনওরকম গাফিলতি বা অবহেলা প্রমাণিত হলে, নিয়ম অনুযায়ী ডিভিশনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



