পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা আজ শিয়ালদহ স্টেশন এবং বি. আর. সিং হাসপাতালের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি বিস্তারিত পর্যালোচনা বৈঠক করেন। কয়েক দিন ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই পর্যালোচনা করা হয়। শিয়ালদহ একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত ব্যস্ত রেল স্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন।
শিয়ালদহ স্টেশন এবং বি. আর. সিং হাসপাতাল – উভয় ক্ষেত্রেই অগ্নি-নিরাপত্তার প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে বেরনোর পথ এবং নিরাপদ ও সুশৃঙ্খলভাবে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা পর্যালোচনা করা হয়।
বি. আর. সিং হাসপাতালে রোগী, তাঁদের পরিজন/অ্যাটেনডেন্ট, চিকিৎসক, কর্মী এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ প্রস্তুতি ও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। একইভাবে, শিয়ালদহ স্টেশনে যাত্রী এবং রেলকর্মীদের নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
শ্রী সাক্সেনা জোর দিয়ে বলেন যে, শুধুমাত্র কোনও দুর্ঘটনা ঘটার পর দ্রুত পদক্ষেপ গ্রহণই যথেষ্ট নয়; ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধের উপরও সমান গুরুত্ব দিতে হবে। তিনি আধিকারিকদের অগ্নি-নিরাপত্তা সরঞ্জাম ও বৈদ্যুতিক পরিকাঠামোর নিয়মিত পরিদর্শন, দাহ্য পদার্থ বহন রোধে নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে নিয়মিত নজরদারি এবং সমস্ত সরঞ্জাম ও ব্যবস্থার সময়মতো রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন।



